সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী এস এম শওকত আমীন তৌহিদ আবারও জনসমক্ষে সক্রিয় হয়ে উঠেছেন। ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর গা ঢাকা দিলেও, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই বিতর্কিত কাউন্সিলর এখন নতুন করে মাঠে নেমেছেন। পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত তৌহিদ এখন জালিয়াতি ও নানা কৌশলে নিজের রাজনৈতিক ও সামাজিক অবস্থান টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, টানা ১৭ বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছেন শওকত আমীন তৌহিদ। গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং আন্দোলন দমনে নানামুখী ভূমিকা পালন করেছেন। একাধিক মামলার এই আসামি দীর্ঘ সময় অন্তরালে থাকার পর এখন আবারও নিজেকে জাহির করতে নানা অপতৎপরতা শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯নং ওয়ার্ডের বিতর্কিত এই সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি এবং সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হলেও সিলেটে দলটির দোসরদের পুনর্বাসনের জন্য সক্রিয় একটি শক্তিশালী চক্রের ছত্রছায়ায় তৌহিদ আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিশেষ করে আসন্ন ঈদকে কেন্দ্র করে নিজের অস্তিত্ব জানান দিতে তিনি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন।
এলাকাবাসীর অভিযোগ, একজন পলাতক প্যানেল মেয়রের ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক অপরাধমূলক মামলার আসামি হয়েও তৌহিদ কীভাবে জনসমক্ষে আসার দুঃসাহস দেখান, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বহুরূপী এই কাউন্সিলর এখন ভোল পাল্টে নতুন কোনো ফায়দা লুটতে চাইছেন কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, স্বৈরাচারের এই দোসরের পুনর্বাসন চেষ্টা রুখে দিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের পর কোনোভাবেই অপরাধীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তৌহিদের মতো বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ১৯নং ওয়ার্ডের বাসিন্দারা।