সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের পরিচিত নেতা, সাবেক কেন্দ্রীয় তরুণ প্রজন্ম দলের সহ–বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মহানগর তরুণ প্রজন্ম দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সন্ধানদাতাকে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তাঁর নিজ নির্বাচনী এলাকার বিক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সিলেট মহানগর ছাত্রদলের একাংশ তাঁর ফাঁসির দাবিতে সিলেট নগরী এবং কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানিয়ে প্রচারণা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এই যুক্তরাজ্য প্রবাসী নেতা একাধিক মামলায় আসামি এবং দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধী দলের নিপীড়নের শিকার হয়ে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে দায়ের হওয়া এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ সাম্প্রতিক সময়ে সমগ্র দেশে উত্তেজনা বৃদ্ধি করেছে। বিভিন্ন জেলায় সংঘর্ষ, হতাহত ও পঙ্গুত্বের ঘটনা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেছে। ৫ আগস্টের পর দলীয় কোন্দল চরমে পৌঁছালে শফিকুর রহমানও প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হন। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানতে ও তাঁকে ধরিয়ে দিতে বিভিন্ন এলাকায় পোস্টারিং এবং মিছিলের আয়োজন দেখা গেছে।
এ পরিস্থিতিতে পরিবারও উদ্বিগ্ন। শফিকুর রহমানের বাবা মো. দিদার আলী (৬৫) বলেন, “আমার ছেলে সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। কিন্তু একদল রাজনৈতিক নেতা তাকে ক্ষতি করতে চাইছে। তারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলত বলেই সে আজ জীবন বাঁচাতে বিদেশে অবস্থান করছে।”
শফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আরও বহু নেতা। বর্তমানে এসব আসামীদের প্রায় সবাই বিদেশে পালিয়ে আছেন বলে জানা যায়।